EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিতে এআই মডেল আনল গুগল

ঘূর্ণিঝড়ের গতিপথ ও তীব্রতা একসঙ্গে নিখুঁতভাবে পূর্বাভাস দিতে ‘ওয়েদারনেক্সট’ নামের নতুন এআই মডেল উন্মুক্ত করল গুগল

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিতে এআই মডেল আনল গুগল

গুগলের নতুন এআই মডেল ‘ওয়েদারনেক্সট’, যা ঘূর্ণিঝড়ের গতিপথ ও তীব্রতা নিখুঁতভাবে পূর্বাভাস দিতে সক্ষম। ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বজুড়ে ঘূর্ণিঝড়ের আরও সূক্ষ্ম ও নিখুঁত পূর্বাভাস দিতে নতুন এআইচালিত আবহাওয়া মডেল উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল।

অন্য গবেষক ও বিজ্ঞানীরা যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্ভাব্য দুর্যোগ ঠেকাতে এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন, সেজন্য ‘ওয়েদারনেক্সট’ নামের নতুন এআই মডেলটির সোর্স কোড উন্মুক্ত করে দিয়েছে গুগল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মডেলটি তৈরিতে সাফল্য দেখিয়েছেন গুগল ডিপমাইন্ড ও গুগল রিসার্চের বিজ্ঞানীরা। এর উন্নয়নে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হারিকেন সেন্টার’, ‘সিআইআরএ’ এবং যুক্তরাজ্যের ‘মেট অফিস’সহ বিশ্বের একাধিক আবহাওয়া সংস্থা যৌথভাবে কাজ করেছে।

অন্য গবেষক ও বিজ্ঞানীরা যাতে এই প্রযুক্তি ব্যবহার ও এর উন্নয়ন করতে পারেন, সেজন্য প্রকল্পটি ওপেন সোর্স প্রজেক্টের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘গিটহাব’-এ হোস্ট করা হচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত গবেষণা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ।

আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোনের গতিপথ ও তীব্রতা—এই দুটি বিষয় একসঙ্গে নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া এতদিন বড় চ্যালেঞ্জ ছিল। কারণ ঝড়ের গতিপথ নির্ধারণের জন্য প্রয়োজন হয় বৈশ্বিক আবহাওয়ার বিপুল তথ্য, আর তীব্রতা বোঝার জন্য প্রয়োজন হয় ঝড়ের কেন্দ্রস্থলের তাপমাত্রা ও চাপের বিশেষ স্থানীয় ডেটা।

‘ওয়েদারনেক্সট’ মডেলটি আন্তর্জাতিক তথ্যভান্ডার থেকে সংগৃহীত প্রায় ২০ টেরাবাইট বৈশ্বিক বায়ুমণ্ডলীয় ও ঘূর্ণিঝড়ের তথ্যের ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে মডেলটি একই সঙ্গে ঘূর্ণিঝড়ের গতিপথ এবং তা কতটা শক্তিশালী হতে পারে—উভয় বিষয়েই সূক্ষ্ম ও নিখুঁত পূর্বাভাস দিতে পারে।

বিবৃতিতে গবেষকরা বলেছেন, ‘আমরা এখন টিপিইউ-এর সাহায্যে এক মিনিটেরও কম সময়ে ১৫ দিনের আবহাওয়া পূর্বাভাস তৈরি করতে পারি, যা সম্ভাব্য বিধ্বংসী ও চরম দুর্যোগের বিভিন্ন ঝুঁকি দ্রুত ও নিখুঁতভাবে বিশ্লেষণ করতে আবহাওয়াবিদদের সহায়তা করবে।’

গত বছর ওয়েদারনেক্সটের দ্বিতীয় সংস্করণ উন্মোচন করেছিল গুগল। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের পাশাপাশি আকস্মিক বন্যা বা ‘ফ্ল্যাশ ফ্লাড’ আগেভাগে চিহ্নিত করতেও এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে গুগলের গবেষণা দলটি।

আরও পড়ুন